এভারকেয়ার হাসপাতালের সঙ্গে সোনালী লাইফের স্বাস্থ্যসেবা চুক্তি

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

নুসরাত বিনতে শহিদ, নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ চুক্তির আওতায় সোনালী লাইফের বীমাগ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত সুবিধাভোগীরা এভারকেয়ার হাসপাতাল ঢাকার উন্নত ও বিশ্বমানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

রোববার (১৬ আগস্ট) সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, সোনালী লাইফের বীমাগ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের অনুমোদিত সুবিধাভোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে এভারকেয়ার হাসপাতাল ঢাকার পক্ষ থেকে বিশেষ করপোরেট সাপোর্ট ডেস্কের সুবিধা প্রদান করা হবে। এর মাধ্যমে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা সমন্বয় এবং প্রয়োজনীয় রোগী সহায়তা পাওয়া যাবে।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম এবং এসটিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার জিএম ও করপোরেট মার্কেটিং হেড এ এম আবুল কাশেম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মো. রফিকুল ইসলাম বলেন, “এভারকেয়ার হাসপাতালের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে গ্রাহকদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা তৈরি হবে।”

সোনালী লাইফের পরিচালকরা বলেন, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা একে অপরের পরিপূরক। গ্রাহকদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হলে বীমার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। এ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের সেবাপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুসংহত হবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অংশীদারিত্বকে দেশের বীমা ও স্বাস্থ্যসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।