কৃষিঋণের লক্ষ্যমাত্রা বাড়ল ২১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : চলতি ২০২৬–২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রা বেড়েছে ২১ হাজার কোটি টাকা বা প্রায় ৫৪ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা। পরের অর্থবছরে তা বাড়িয়ে ৩৯ হাজার কোটি টাকা করা হয়। এবার এক লাফে তা ৬০ হাজার কোটি টাকায় উন্নীত করা হলো।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়ানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেই ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরানোর প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, কৃষকদের জন্য ঋণের প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।