প্রবৃদ্ধির জন্য শক্তিশালী শেয়ারবাজার জরুরি: গভর্নর প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শক্তিশালী, গভীর ও গতিশীল শেয়ারবাজার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তার মতে, এতে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বাড়বে, ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের অর্থায়নের বিকল্প উৎস তৈরি হবে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে গভর্নর এসব কথা বলেন। সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। গভর্নর বলেন, দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের পাশাপাশি কার্যকর শেয়ারবাজার গড়ে তোলা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬-২৭ অর্থবছরে বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বাড়ানো সম্ভব হলে শেয়ারবাজার বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী উৎসে পরিণত হবে। এতে বিনিয়োগ, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। বৈঠকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের শেয়ার ও সিকিউরিটিজ বিক্রির অর্থ প্রত্যাবাসন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের বিষয়ও তুলে ধরা হয়। গভর্নর জানান, ২০ মে ২০২৬ জারি করা এফইআইডি সার্কুলার-২ এর মাধ্যমে এনআইটিএ-সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট এনআইটিএ হিসাবে জমা হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় মূলধনী মুনাফা কর কেটে সরকারি কোষাগারে জমা দেবে। তার মতে, এ পরিবর্তনের ফলে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী হবে। এতে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। বৈঠকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তুজা আলম, মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: