৪ শতাংশ সুদে আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১০ শতাংশ সুদে দেয়া তিন হাজার কোটি টাকা ঋণের সুদহার কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। আইসিবি’র এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ১০ শতাংশে দেওয়া তিন হাজার কোটি টাকার সুদ কমিয়ে ৪ শতাংশ হারে নির্ধারণ করার আইসিবি’র প্রস্তাব আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্রটি জানায়, পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সরকারি গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবিকে ১০ শতাংশ সুদে তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু ১০ শতাংশ সুদ উচ্চহার বলে অভিহিত করে আপত্তি জানিয়েছে আইসিবি। ঋণের সুদ ৪ শতাংশে নির্ধারণ করতে গত ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গর্ভণরের কাছে আবেদন করে আইসিবি। বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ড. আহসান এইচ মনসুর চান দেশের শেয়ারবাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। সেজন্য তিনি ৪ শতাংশ সুদ নির্ধারণ করার প্রস্তাব অনুমোদন করেছেন। গত ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার জন্য সরকারি নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি প্রদান করে। সেই সভরেন গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক তিন হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে। এরপর ২৭ নভেম্বর (বুধবার) বাংলাদেশ ব্যাংক আইসিবিকে তিন হাজার টাকার ঋণ মঞ্জুর করে। ঋণের সুদহার ধার্য্য করা হয় ১০ শতাংশ। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয় দেড় বছর। কিন্তু চড়া সুদে দেড় বছরের জন্য ঋণ নিয়ে আইসিবির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। এ জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুদ কমানোর জন্য পরের দিন ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়। আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি। এই টাকা তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে ব্যবহার করবে। SHARES অর্থনীতি বিষয়: