অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আইডিআরএর শুভেচ্ছা, বীমা খাত উন্নয়নে ঐক্যবদ্ধ অঙ্গীকার প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলম-এর নেতৃত্বে কর্তৃপক্ষের সদস্যবৃন্দ মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আইডিআরএ প্রতিনিধিদল দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী ও আধুনিকায়নের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে প্রণীত নীতিমালা ও পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বীমা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, গ্রাহক আস্থা অর্জন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় উপস্থিত ছিলেন আইডিআরএর লাইফ মেম্বার আপেল মাহমুদ, নন-লাইফ মেম্বার মোঃ আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ। তারা সবাই মিলে দেশের বীমা খাতকে আরও গতিশীল, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে। সঠিক নীতিমালা, দক্ষ তদারকি এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে বীমা শিল্প দেশের জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ পরিবেশে আরও বড় ভূমিকা রাখবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাঁর বক্তব্যে আইডিআরএর কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী বীমা ব্যবস্থা অপরিহার্য। তিনি বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের বীমা শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় ভবিষ্যতে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় অর্থনীতির সামগ্রিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে। SHARES অর্থনীতি বিষয়: