ইসলামী ব্যাংকের ঋণ দিবে শুধুমাত্র প্রধান কার্যালয় প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি, ঢাকা এখন থেকে ইসলামী ব্যাংকের কোনো শাখা ব্যবস্থাপক আর কোনো ঋণ দিতে পারবেন না। বিভাগীয় ও জোন প্রধানেরাও কোনো ঋণ অনুমোদন করতে পারবেন না। গত ১৯ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। আগে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ও জোন প্রধানেরা সর্বোচ্চ ৭০ লাখ টাকা পর্যন্ত ঋণ অনুমোদন করতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক ঋণ অনুমোদন করতে পারবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। এখন সব ঋণ দেওয়া হবে প্রধান কার্যালয় থেকে পরিচালনা পর্ষদের অনুমোদনের পর। অবশ্য এখনো কৃষিঋণ দিতে পারবেন ব্যাংকের শাখা কর্মকর্তারা। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় এস আলম গ্রুপ। এরপর নানা অনিয়মের কারণে তারল্যসংকটে পড়ে বেসরকারি খাতের ব্যাংকটি। এ বছরের জুন পর্যন্ত ব্যাংকে গ্রাহকদের প্রায় ১লাখ ৪৮ হাজার কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এরইমধ্যে ব্যাংকটির বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করে মালিকানা থেকে সরে গেছে। SHARES অর্থনীতি বিষয়: