
বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে শুরু হবে| বাংলাদেশ রেলওয়ে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে |
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে| এদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে| পরবর্তী দিনগুলোতে ধাপে ধাপে টিকিট বিক্রি করা হবে—১৪ মে ২৪ মে যাত্রার, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে|
যাত্রীসেবা সহজ ও সুশৃঙ্খল করতে এবার টিকিট বিক্রিতে সময়ভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে| পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে|
রেলওয়ে জানিয়েছে, এবার অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে| একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে|
এছাড়া, ঈদ উপলক্ষে ক্রয় করা অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য (রিফান্ডযোগ্য) হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ| রেলওয়ের এই উদ্যোগে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমবে এবং ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন|