
বিশেষ প্রতিনিধি, রুদ্র রহমান পিয়াল: এশিয়ার সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। একই সঙ্গে তিনি ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১ মে) দিবাগত রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। এর মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। অপরদিকে প্রায় ৬৬ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থাকেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে জয়লাভের মাধ্যমে আলোচনায় আসেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে মেঝো। তার পিতা বোরহান উদ্দিন এবং মাতা ফিরোজা বেগম।
শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে আইন পেশায় প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সততার কারণে আইনজীবীদের মধ্যে তিনি একজন গ্রহণযোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সংগঠক হিসেবেও তিনি সুপরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের আইন বিষয়ক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, “বিজ্ঞ আইনজীবীরা আমার ওপর আস্থা রেখে আমাকে বিজয়ী করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের এবং নীতির বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। আমি সকলের সহযোগিতা নিয়ে আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
তার এই বিজয়ে ঢাকা প্রেস ক্লাব, নিজ জন্মভূমি নরসিংদীসহ বিভিন্ন স্থানে আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে।