
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাস্থ্যগত কারনে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে নির্বাহী কমিটিকে দেয়া এক পত্রে বলেন, সংগঠনের সংঘবিধি অনুযায়ি প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) পরবর্তী নির্বাচন না হওয়া পযর্ন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এটি ২০২৩-২৪ মেয়াদের কমিটি। এরপর ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যকরি কমিটি গঠিত হবে। তথ্য সূত্রে, প্রেসিডেন্ট শেখ কবির হোসেন তার পদত্যাগ পত্রে স্বাস্থ্যগত কারন উল্লেখ করলেও আসল কারন ভিন্ন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারনে এ মুহূর্তে তিনি এ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। তিনি ইতোমধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করেছেন।
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংগঠনের নির্বাহী কমিটিকে পাঠানো হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, প্রথম ভাইস-প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্যগুলো পালন ও সম্পাদন করবেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালন সংক্রান্ত এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
নির্বাহী কমিটিকে পাঠানো চিঠিতে শেখ কবির হোসেন বলেছেন, বর্তমানে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র সকল কর্মকান্ডে উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায় তার স্বাস্থ্যগত অবস্থা ভালো না হওয়া পর্যন্ত অনুপস্থিতকালে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সংঘ বিধি অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং তার অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্যগুলো পালন ও সম্পাদন করবেন।
নাসির উদ্দিন আহমেদ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ‘বোর্ড অব গভর্নরস’ এর একজন সদস্য। তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার ওপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত এক দশক ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।