বিশ্ববাজারে কমল তেলের দাম প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : রাশিয়া থেকে তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির পর রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ দশমিক ৩৫ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দর ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। রবিবার আকস্মিকভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এর আগে শুক্রবার রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির কথা জানিয়েছিলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চুক্তির বিস্তারিত জানতে তিনি এখনো অপেক্ষা করছেন। অন্যদিকে, এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, এসব ঘোষণা জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক কিছু উদ্বেগ কমিয়েছে। তবে যুদ্ধবিরতির কার্যকারিতা ও কত দিন তা টিকবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর থাকবে এমন স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম কমার পরিমাণ সীমিত থাকার আশঙ্কা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ব্রেন্ট ক্রুডের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: