বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির খবরে উদ্বেগ

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

 নিজস্ব প্রতিনিধিঃ দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি পাঁচ গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)। বর্তমানে প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা ফি নির্ধারিত আছে। বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রস্তাবিত হার কার্যকর হলে প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকার স্থলে ৫ টাকা হবে।

নতুন এই হার তিন ধাপে বাস্তবায়িত হবে। ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ সালে ফি হবে প্রতি হাজারে ২.৫ টাকা, ২০২৮ ও ২০২৯ সালে ৪ টাকা এবং ২০৩০ সাল থেকে ৫ টাকা। সংশোধনী খসড়া ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্তে শিল্পে উদ্বেগও দেখা দিয়েছে।

বীমা কোম্পানির অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা সংকটে ভুগছে। গ্রাহকদের দাবি পরিশোধে সমস্যা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত দেওয়া না হওয়া, এমন সব পরিস্থিতিতে ফি বাড়ালে কোম্পানিগুলোর আর্থিক চাপ ও ব্যবস্থাপনা ব্যায় আরও বেড়ে যাবে। কয়েকজন মুখ্য নির্বাহী বলছেন, উন্নয়নের স্বার্থে ফি বাড়ানো যেতে পারে, তবে এটি ট্যাক্স ফ্রি হওয়া প্রয়োজন। তা না হলে ব্যবস্থাপনার খরচ বেড়ে যাবে এবং আইডিআরএ’র ব্যয়সীমা কমানোর উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হবে।

আইডিআরএ জানায়, ২০১২ সালে নবায়ন ফি প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ৩.৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ২০১৮ সালে ভারতের বাজারের সঙ্গে তুলনা করে তা কমিয়ে ১ টাকা করা হয়। বর্তমান ফি দিয়ে ন্যূনতম ব্যয়ই নির্বাহ করা সম্ভব হচ্ছে, উন্নয়নমূলক ব্যয় বা সঞ্চয়ের সুযোগ নেই।

কর্তৃপক্ষের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত—বীমাকারীদের জন্য আইআইএমএস সেবা বিনামূল্যে প্রদান, জনবল বৃদ্ধি, পেনশনুগ্র্যাচুইটি সুবিধা, নিজস্ব ভবন ও শাখা অফিস নির্মাণ এবং বীমা খাতে পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিসিআইআই, বিআইআইএম ও ‘একচ্যুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠা। এসব কার্যক্রমের জন্য আর্থিক সক্ষমতা বাড়ানো জরুরি। আইডিআরএ বলছে, এই কারণেই নিবন্ধন নবায়ন ফি ১ টাকা থেকে ৫ টাকায় উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং সংশোধনী প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করা হয়েছে।