বীমা খাতের প্রখ্যাত ব্যক্তিত্ব শেখ কবির হোসেন আর নেই

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের বীমা খাতের অন্যতম ব্যক্তিত্ব, শেখ কবির হোসেন আর নেই। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স-এর সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের বীমা অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে বীমা খাত সংগঠিত ও শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

মরহুমের জানাজা নামাজের স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি আব্দুর রউফ গোমস্তা।

শেখ কবির হোসেনের মৃত্যুতে বীমা শিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।