
নুসরাত বিনতে শহিদ (স্টাফ রিপোর্টার): বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন–২০২৫ আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সারাদেশ থেকে আগত চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান মিসেস পারভীন হোসেন। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক জনাব সাইয়েদ বদরুল আলম এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব জামিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভিন ও জনাব ফরিদুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেন ও জনাব নাসির উদ্দিন তালুকদার, তাকাফুল বিভাগের প্রধান জনাব হাবিবুর রহমান আরিফ এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুম হাসান জামাল।
এজেন্সি ডিরেক্টর জনাব হাফেজ ইলিয়াস হোসেনের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ২০২৫ সালের বর্ষসেরা কর্মকর্তাগণ তাঁদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বর্ষসেরা কর্মকর্তাদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়।
সভাপতির বক্তব্যে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ নুরুল ইসলাম কোম্পানিকে একটি আদর্শ ও বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে গড়ে তুলতে সকল স্তরের কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি সার্ভিস ও ব্যবসায়িক উৎকর্ষতার মাধ্যমে পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’কে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ লক্ষ্যে সকল অফিস স্টাফ ও ফিল্ড কর্মকর্তাদের সমন্বিত ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়।