নিজস্ব প্রতিনিধি : ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো বছরে সব শর্ত পূরণ না হলেও, বিশেষ অর্জন থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো সাফল্য থাকলে পরিচালনা পর্ষদ এই বোনাস অনুমোদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। ব্যাংককে ওই বছরে পরিচালন মুনাফা করতে হবে এবং আগের বছরের তুলনায় মূলধন কমে যাওয়া যাবে না। এছাড়া নতুন করে কোনো সঞ্চিতি বিলম্বের (প্রভিশন ডেফারাল) সুবিধার জন্য আবেদন করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সিদ্ধান্তের ফলে একদিকে ব্যাংক কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ বাড়বে, অন্যদিকে আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে।এ নির্দেশনায় আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়েছে এবং মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।