নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি ব্যাংক লভ্যাংশ-সংক্রান্ত আয়কর আইনের বিধান লঙ্ঘনের কারণে প্রায় ৯৮ কোটি টাকার অতিরিক্ত কর বা জরিমানার মুখে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ১০টি ব্যাংক ২০২৫ সালের ব্যবসায় মুনাফা করলেও কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ফলে আয়কর আইনের বিধান অনুযায়ী এসব ব্যাংককে ৫১ কোটি টাকার বেশি অতিরিক্ত কর দিতে হবে। অন্যদিকে, তিনটি ব্যাংক নগদ লভ্যাংশের তুলনায় বেশি বোনাস শেয়ার বিতরণের ঘোষণা দেওয়ায় তাদের ওপর আরোপিত করের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসিবি, রূপালী ব্যাংক ও এসবিএসি ব্যাংক মুনাফা অর্জন করলেও কোনো লভ্যাংশ দেবে না।
বর্তমান আয়কর আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে অর্জিত মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হয়। এর কম লভ্যাংশ দিলে বা পুরো মুনাফা রিটেইন আর্নিংসে রেখে দিলে ওই অর্থের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর প্রযোজ্য হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, ওই ১০ ব্যাংক মোট ৫১১ কোটি ৯৬ লাখ টাকা নিট মুনাফা রিটেইন আর্নিংসে সংরক্ষণ করেছে। ফলে তাদের অতিরিক্ত কর দিতে হবে ৫১ কোটি ২০ লাখ টাকার বেশি।
এর মধ্যে ইসলামী ব্যাংক ১৩৬ কোটি ৮৫ লাখ টাকা নিট মুনাফা করায় তাদের অতিরিক্ত করের পরিমাণ হবে ১৩ কোটি ৬৯ লাখ টাকা। জরিমানার অঙ্কে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, যার কর দায় দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে দিতে হবে ৮ কোটি ৫২ লাখ টাকা।
এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮ কোটি ৩ লাখ, ওয়ান ব্যাংকের ২ কোটি ৯৮ লাখ, ইউসিবির ২ কোটি ৩৩ লাখ, এনআরবি ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৩৩ লাখ, রূপালী ব্যাংকের ৬৮ লাখ এবং এসবিএসি ব্যাংকের ৮ লাখ টাকা অতিরিক্ত কর গুনতে হবে।
অন্যদিকে, আয়কর আইনে নগদ লভ্যাংশের তুলনায় বেশি বোনাস শেয়ার বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। কোনো কোম্পানি এ নিয়ম লঙ্ঘন করলে অতিরিক্ত বোনাস শেয়ারের মূল্যের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হয়।
এ বিধানের আওতায় উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ লভ্যাংশের বিপরীতে ২৫ শতাংশ বা ২৪২ কোটি ৫৭ লাখ টাকার বোনাস শেয়ার ঘোষণা করায় ২৪ কোটি ২৬ লাখ টাকা কর দেবে। একইভাবে সাউথইস্ট ব্যাংক ৩ শতাংশ নগদ লভ্যাংশের বিপরীতে ৭ শতাংশ বা ৯৩ কোটি ৬২ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়ায় তাদের করের পরিমাণ হবে ৯ কোটি ৩৬ লাখ টাকা।
এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩৩৯ কোটি ৫৭ লাখ টাকা নিট মুনাফা অর্জন করলেও কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি। ব্যাংকটি ১২৯ কোটি ৭৭ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাদের ১২ কোটি ৯৮ লাখ টাকা অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।