সাউথইস্ট ব্যাংক নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের ধারণকৃত শেয়ারহোল্ডিং, লেনদেনসহ বেশকিছু বিষয় তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য গত রোববার বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পারিচালকদের শেয়ারহোল্ডিং, ঋণ, বিনিয়োগ ও লেনদেন তদন্ত করবে কমিটি। একই সঙ্গে ব্যাংকটি ইনসাইডার ট্রেড করছে কিনা, শেয়ারদরে ম্যানিপুলেশন করছে কিনা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কিনা সেসব বিষয় তদন্ত করে দেখবে কমিটি। গঠিত কমিটিকে ৬০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমার নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে কমিশন। কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে ব্যাংকটির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৪৬ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।