সিইও নিয়োগ এ অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

৪ বছর যাবৎ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না দিয়ে বীমা আইন, ২০১০-এর ৮০ ধারা লংঘন করায় চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ২৭ জানুয়ারি কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এই জরিমানা করা হয়।

আইডিআরএ’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্মারকে বলা হয়, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২১ সালের ১ জানুয়ারি থেকে গত ৪ বছর যাবৎ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দিয়ে বীমা আইন, ২০১০ এর ৮০ ধারা লংঘন করায় ‘বীমা আইন ২০১০’-এর ১৩০ (খ) ধারা মোতাবেক কর্তৃপক্ষের ১৭৮তম সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ২০২১ সালের ১ জানুয়ারি থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হলো। আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে এবং ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে কোম্পানিকে ফের ৫ লাখ টাকা জরিমানা করা হবে।