সিলেটে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬ নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে সিলেট বিভাগীয় “বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান” বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সিলেটে অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বীমা খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মোতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন মহাসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ এনামুল হক। তাঁরা তাঁদের বক্তব্যে বীমা খাতের বর্তমান সম্ভাবনা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব শরীফ সালেকীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিলেট বিভাগে পপুলার লাইফের কার্যক্রম দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন নতুন মাইলফলক স্পর্শ করছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর। এ সময় সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক তুলে দেন অতিথিবৃন্দ। চেকপ্রাপ্ত গ্রাহকরা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং পপুলার লাইফের সেবার প্রশংসা করেন। সম্মেলনে বক্তারা বলেন, বীমা শুধু সঞ্চয় নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আস্থার পরিবেশ তৈরি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা। সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। SHARES অর্থনীতি বিষয়: