ফারজানা ফারাবী : দেশে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল কেনা হবে।
সূত্র জানায়, ২ লিটারের পিইটি বোতলে প্যাকেটজাত রাইস ব্রান তেল (২ লিটার PET বোতলে) ক্রয়ের জন্য প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা, ভ্যাট-ট্যাক্সসহ।
সরকারের অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ।
বণ্টন অনুযায়ী, মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড থেকে ৪০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার তেল কেনা হবে। এছাড়া তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ১০ লাখ লিটার রাইস ব্রান তেল সরবরাহ করা হবে।
এছাড়া একই বৈঠকে রাইস ব্রান তেলের পাশাপাশি মসুর ডাল ও পাম অলিন ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।