প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব করেছে ন্যাশনাল লাইফ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ উদযাপন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়নকর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এছাড়া কোম্পানির পরিচালকবৃন্দ ও নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাবি পরিশোধ, করপোরেট সুশাসন পরিপালন এবং বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সবাই উৎসব ও ফটোসেশনে অংশ নেন।
এছাড়া ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমাকর্মীদের মধ্যে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে, যা কোম্পানির ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।