আইডিআরএ’র অনুমোদনে পাঁচ জীবন বীমা কোম্পানিতে নতুন সিইও নিয়োগ প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা খাতে নেতৃত্বের ধারাবাহিকতা ও ব্যবস্থাপনায় গতি আনতে পাঁচটি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইডিআরএ’র পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি। তিনি বলেন, জীবন বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত নিয়োগগুলো তিন বছরের জন্য কার্যকর থাকবে। আইডিআরএ সূত্রে জানা গেছে, অনুমোদনপ্রাপ্ত পাঁচ সিইও হলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও শেখ রাকিবুল করিম, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সাজ্জাদুল করিম,পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের সিইও নূর মোহাম্মদ ভূঁইয়া এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রাখা, সুশাসন জোরদার করা এবং গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যেই সিইও নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বীমা খাতের ওপর বাড়তি নজরদারি ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে আইডিআরএ সক্রিয় ভূমিকা রাখছে। আইডিআরএ মনে করে, অভিজ্ঞ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে জীবন বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে। এতে করে গ্রাহকদের আস্থা যেমন বাড়বে, তেমনি বীমা কোম্পানিগুলোর আর্থিক স্থিতিশীলতা ও বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতাও শক্তিশালী হবে। উল্লেখ্য, জীবন বীমা খাত দেশের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের টেকসই উন্নয়নের জন্য আইডিআরএ নিয়মিতভাবে নীতিমালা সংস্কার, তদারকি জোরদার ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করছে। পাঁচটি প্রতিষ্ঠানে নতুন সিইও নিয়োগের অনুমোদন সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইডিআরএ’র এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে পরিচালন কাঠামো আরও শক্তিশালী হবে এবং বীমা সেবায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: