যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও সুশান্ত প্রামানিক

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির কনসালট্যান্ট সুশান্ত প্রামানিক। নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন না পাওয়ায় ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচের পরিবর্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে অজিত চন্দ্র আইচকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে বহাল রেখে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোম্পানির মানবসম্পদ, প্রশাসন ও সংস্থাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, গত ৩০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুশান্ত প্রামানিক যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। কোম্পানির সার্বিক প্রয়োজনে তাঁর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অজিত চন্দ্র আইচকে তাঁর এএমডি পদে বহাল রেখে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৬ অক্টোবর অজিত চন্দ্র আইচকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে কোম্পানির ভারপ্রাপ্ত সিইওর দায়িত্বও দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি তাঁর সাবেক কর্মস্থল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটি ব্যাংক চেকে স্বাক্ষর-সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাঁকে যমুনা লাইফের সিইও হিসেবে নিয়োগ না দেওয়ার পরামর্শ দেয় আইডিআরএ। এর পরিপ্রেক্ষিতেই কোম্পানির ব্যবস্থাপনায় সর্বশেষ এ পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার পুলে এক নম্বরে থাকা প্রার্থী হিসেবে অজিত চন্দ্র আইচকে সিইও হিসেবে নিয়োগের অনুমোদন চেয়ে আইডিআরএর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পর নিয়ন্ত্রক সংস্থা আপাতত তাঁকে নিয়োগ না দেওয়ার পরামর্শ দিয়েছে।

চেয়ারম্যান বলেন, “নিয়ন্ত্রক সংস্থার পুলে এক নম্বরে থাকা প্রার্থী অজিত চন্দ্র আইচকে সিইও হিসেবে নিয়োগের অনুমোদন চেয়ে আমরা আইডিআরএর কাছে প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু তারাই আবার দীর্ঘদিন পর তাঁকে আপাতত নিয়োগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা এখন কী করতে পারি?”

কোম্পানি সূত্রে জানা গেছে, অজিত চন্দ্র আইচের সিইও হিসেবে নিয়োগের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা থাকায় কোম্পানির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সুশান্ত প্রামানিককে ভারপ্রাপ্ত সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অজিত চন্দ্র আইচকে এএমডি পদে রেখে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে।