আইডিআরএর দুই সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান ও মো. সফিকুল ইসলাম। তাদের মধ্যে কামরুল আহসানকে সদস্য (নন-লাইফ) এবং সফিকুল ইসলামকে সদস্য (আইন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখা থেকে এ–সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ৫(২) ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তারা নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দুই সদস্যের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, সদস্য (নন-লাইফ) মো. কামরুল আহসানের বাড়ি কিশোরগঞ্জের চর শোলাকিয়া এলাকায়। আর সদস্য (আইন) মো. সফিকুল ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায়।