প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং সেক্টরে জনসংযোগ ও ব্র্যান্ড কমিউনিকেশন পেশাজীবীদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্র্যাব। নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।
২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের পেশাগত সংগঠন হিসেবে যাত্রা শুরু করে প্র্যাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন গঠনমূলক সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্র্যাব সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পরপর এ কমিটি গঠনের নিয়ম রয়েছে। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তারাও সংগঠনটির বিভিন্ন দায়িত্বে যুক্ত থাকেন।
এদিকে, প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানিয়েছেন, আগামী নভেম্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।