প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়বে সরকার

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : প্রচলিত ঋণদাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের বিকল্প উৎস তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুঁজিবাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ইস্যু করা হতে পারে। তবে বন্ডের আকার ও এর মাধ্যমে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায় সরকার।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের সাইডলাইনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ঋণের উৎস বহুমুখী করতে হবে। প্রচলিত বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে।

অর্থমন্ত্রী বলেন, শুধু দেশীয় বন্ড ইস্যু করে উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ সম্ভব নয়। বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের দ্বারস্থ হতে হবে। তাই অর্থায়নের বিকল্প উৎস তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

দেশি-বিদেশি বিনিয়োগ ও অর্থায়ন সংগ্রহে আরও কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, নিউইয়র্কে ডলার বন্ড ইস্যু এবং হংকংয়ে বাংলাদেশকেন্দ্রিক একটি ইক্যুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ইস্যুর পরিকল্পনা রয়েছে।

সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হলো অর্থায়নের উৎস বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পে বৈদেশিক ও অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের সুযোগ সম্প্রসারণ করা।