আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্থাটির সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইডিআরএ’র কার্যক্রম সচল রাখা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(৩) অনুযায়ী মো. ফজলুল হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের কার্যাবলি পরিচালনা করবেন। এছাড়াও, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চেয়ারম্যানের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে সংস্থার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক অনুমোদনের ক্ষেত্রেও তিনি পূর্ণ ক্ষমতা ভোগ করবেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইডিআরএ দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই চেয়ারম্যান পদে শূন্যতা সৃষ্টি হলেও কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা যেন না আসে, সে বিষয়টি বিবেচনায় রেখেই দ্রুত এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। উল্লেখ্য, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত মো. ফজলুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতায় আইডিআরএ’র চলমান কার্যক্রম স্বাভাবিক গতিতে অব্যাহত থাকবে। SHARES অর্থ নিউজ বিষয়: