আইডিআরএর সদস্য (নন-লাইফ) হলেন কামরুল আহসান

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শনিবার (১৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫-এর উপধারা (২) অনুসারে মো. কামরুল আহসানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আইডিআরএর সদস্য (নন-লাইফ) পদে দায়িত্ব পালন করেন মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু বকর সিদ্দিক। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর এ পদে যোগদান করেন। পরে গত ২২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।