ইউরোপে পোশাক রপ্তানি ঝুকিতে বাংলাদেশ

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পোশাক বাজারে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস মিললেও বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০২৬ সালের জানুয়ারি-আগস্ট সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। একই সঙ্গে বাজারে বাংলাদেশের অংশ ২১ দশমিক ৫ শতাংশ থেকে কমে ১৯ দশমিক ৮ শতাংশ হয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ কোটি ইউরো, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো। রপ্তানি কমার অন্যতম কারণ পোশাকের গড় রপ্তানিমূল্য হ্রাস।
অন্যদিকে, ইউরোপের বাজারে চীনের পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। ইইউর মোট পোশাক আমদানিতে দেশটির অংশ ৩০ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ শতাংশ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম আট মাসে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমলেও মে-আগস্ট সময়ে আমদানি বেড়েছে প্রায় ২ দশমিক ৬ শতাংশ। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি, দুর্বল ভোক্তা চাহিদা এবং অতিরিক্ত মজুত এখনো বাজারে চাপ তৈরি করছে।
এদিকে, ২০২৭ সালে ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও নতুন জিএসপি বিধিমালা ও ভারত-ইইউ মুক্তবাণিজ্য চুক্তির কারণে প্রতিযোগিতা বাড়তে পারে। এ পরিস্থিতিতে ইউরোপের বাজারে অবস্থান ধরে রাখতে বাংলাদেশের পোশাকশিল্পকে পণ্যের মান, বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে হবে।