একাধিক মামলায় দণ্ডিত হয়ে ছিলেন পলাতক হোমল্যান্ড লাইফের এমডি আমজাদ হোসেন গ্রেপ্তার প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬ শিক্ষাগত সনদ নিয়েও গুরুতর অভিযোগ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা, আদালতের দণ্ড এবং দীর্ঘদিন পলাতক থাকার তথ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবির কাছে দেওয়া তথ্য অনুযায়ী, আমজাদ হোসেনের শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রায় ২ লাখ টাকা দিয়ে একটি সার্টিফিকেট সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়টি ২০০০ সালের দিকে বন্ধ হয়ে গেলেও ২০০৯ সালে ওই প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেট নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র আরও জানায়, বর্তমান হোমল্যান্ড লাইফের চেয়ারম্যানের সঙ্গে এক বছরের চুক্তিতে তিনি কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব নেন। ওই চুক্তির সময় চেয়ারম্যানকে প্রায় ২০ কোটি টাকা বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—এমন অভিযোগও ডিবির কাছে দেওয়া তথ্যে উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আমজাদ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ডিবি তাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক ও বিভিন্ন উচ্চপর্যায় থেকে একাধিক ফোন এলেও আইনগত প্রক্রিয়া অনুসরণে তাকে কোনো ছাড় দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা একটি নারীসংক্রান্ত মামলায় সাত বছরের কারাদণ্ড এবং আরেকটি মামলায় দুই বছরের কারাদণ্ডের তথ্য রয়েছে। উভয় মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে পুলিশ আদালতকে জানিয়েছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন তথ্যও আদালতে একাধিকবার জানানো হয়। পরে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ডিবি তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। আজ রাত সাড়ে ৭টার মধ্যে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এরপর আগামীকাল দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: