নতুন পণ্য আনার কাজ চলছে: সিএসই এমডি

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারকে আরও বেগবান করতে নতুন পণ্য আনার কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার। এক্ষেত্রে সিএসই বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করছে এবং কমোডিটি মার্কেট স্থাপনের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) ট্রেনিং হলে সিএসইর উদ্যোগে ঢাকাভিত্তিক ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য আয়োজিত দুদিনব্যাপী ‘সিকিউরিটিজ আইন পরিপালন’বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গতকাল সোমবার এসব কথা জানান সিএসইর এমডি।

সাইফুর রহমান মজুমদার বলেছেন, দেশের শেয়ারবাজার বর্তমানে একটি রূপান্তরের সময় পার করছে। এ সময়ে বাজারসংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষ মানবসম্পদ ও কার্যকর কমপ্লায়েন্স চর্চা ছাড়া একটি শক্তিশালী বাজার গড়া সম্ভব নয়।

তিনি বললেন, নতুন নতুন পণ্য আনয়নের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কমোডিটি মার্কেট স্থাপনের কাজ এগিয়ে চলছে। নতুন এ বাজারে সম্পৃক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা নেওয়া জরুরি।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিকিউরিটিজ আইনের বিভিন্ন দিক, সাম্প্রতিক সংশোধন, সঠিকভাবে রিপোর্ট প্রস্তুতের পদ্ধতি এবং কমপ্লায়েন্স-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা। পাশাপাশি রিপোর্ট প্রস্তুতের সময় সাধারণত যেসব ভুল হয়ে থাকে, সেগুলো এড়িয়ে চলার বিষয়েও দেওয়া হয় দিকনির্দেশনা।

প্রশ্নোত্তর পর্বে সিকিউরিটিজ আইন বাস্তবায়নের সময় বিভিন্ন জটিলতা ও সংশয় নিয়ে প্রশ্ন করেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসইর কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর ডিজিএম অ্যান্ড হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারিসহ অন্য কর্মকর্তারা।