লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের নিয়ে বিআইএ’র উচ্চপর্যায়ের মতবিনিময় সভা ১২ জুলাই প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ দেশের জীবন বীমা শিল্পের চলমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, অনিষ্পন্ন দাবি নিষ্পত্তি, নিয়ন্ত্রক সংস্কার এবং শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে জীবন বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়ে উচ্চপর্যায়ের এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। আগামী ১২ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিআইএর সেক্রেটারি মো. ওমর ফারুক (এনডিসি) স্বাক্ষরিত একটি নোটিশ দেশের সকল জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, বীমা শিল্পের বর্তমান বাস্তবতা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা এবং শিল্পের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। সভাটিকে বীমা খাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সকল প্রধান নির্বাহী কর্মকর্তাকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোম্পানিগুলোর চেয়ারম্যানদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, কোনো কারণে চেয়ারম্যান উপস্থিত থাকতে অপারগ হলে সংশ্লিষ্ট কোম্পানির ভাইস-চেয়ারম্যান অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্যকে অবশ্যই সভায় অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে চেয়ারম্যানকে যথাযথভাবে অবহিত করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বীমা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, গ্রাহকসেবার মানোন্নয়ন, অনিষ্পন্ন বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। সভা থেকে বীমা শিল্পের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহায়ক কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: