ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ ফারজানা ফারাবী : রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে। কয়েক ঘণ্টা ধরে চলা অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগানে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দুই পক্ষই স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার পর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি শুরু হয়। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান নেন। অন্যদিকে ‘সচেতন গ্রাহক ফোরাম’ তাদের কর্মসূচির বিরোধিতা করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার দাবি জানায়। ফোরামের ব্যানারে ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ছিল। সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার খবর পেয়ে তাঁরা রাতেই ব্যাংকের সামনে অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, এস আলমের আমলে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন পরিচালনা পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরীক্ষায় অংশ নেননি। এখন ব্যাংকের কার্যক্রম ব্যাহত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা গ্রাহকেরা মেনে নেবেন না। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তাদের একজন আনোয়ার বলেন, চাকরি হারানোর পর তাঁরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাঁদের চাকরিচ্যুত করেছে বলে দাবি করেন তিনি। জাল সনদে নিয়োগের অভিযোগের বিষয়ে আনোয়ার বলেন, বাংলাদেশ ব্যাংক তদন্ত করে বিষয়টি যাচাই করতে পারে। তাঁদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে চাকরির সময় পাওয়া অর্থ ফেরত দিতেও তাঁরা প্রস্তুত। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করার যৌক্তিকতা নেই। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবির বিপরীতে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগানে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গ্রাহক ফোরামের স্লোগানের মধ্যে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা স্থান ত্যাগ করেন। পরে গ্রাহক ফোরামের সভাপতি বক্তব্য দেওয়ার পর তাদের কর্মসূচিও শেষ হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: