ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হকের ইন্তেকাল

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি : ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোম্পানির চেয়ারম্যানের শ্বশুর এ এইচ এম মোজাম্মেল হক মারা গেছেন। গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। এতে কোম্পানির পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠা, অগ্রযাত্রা ও উন্নয়নে মোজাম্মেল হকের অসামান্য অবদান রয়েছে। তিনি ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তাঁর মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা, নিষ্ঠা ও আন্তরিক অবদান কোম্পানিটির ভিত্তি সুদৃঢ় করা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে কোম্পানি একজন শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়েছে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়েছে। শোকবার্তায় স্বাক্ষর করেছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম শহীদুল্লাহ।