জেনিথ ইসলামিক লাইফের সাথে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণ, গ্রাহক সুবিধা বৃদ্ধি ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে উঠেছে।

এ লক্ষ্যে রবিবার (২২ নভেম্বর)  কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে পরিচালক জামিল আনসারীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব দক্ষতা, অভিজ্ঞতা ও সেবার সক্ষমতা কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করতে চায়। একই সঙ্গে নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং আধুনিক ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের এ ধরনের সহযোগিতা আর্থিক সেবার সহজলভ্যতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের এক ছাতার নিচে সমন্বিত সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, সেবার বৈচিত্র্য বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য বাড়তি মূল্য সংযোজনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এই উদ্যোগ আর্থিক খাতে উদ্ভাবন, গ্রাহকসেবা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার উন্নয়নে দুই প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।