রংপুরে আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর রিজিওনাল কনফারেন্স-০৪/২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ রংপুর জেলা শহরে বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত আরডিআরএস বাংলাদেশ এর সুসজ্জিত মিলনায়তনে সোমবার (০২ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “রিজিওনাল কনফারেন্স-০৪/২০২৬” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস, হেড অব ইন্ডিভিজ্যুয়াল বিজনেস সাজেদ আহমেদ তাশহুদ, হেড অব গ্রুপ বিজনেস মোঃ ইমরুল সহিদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই রিজিওনাল কনফারেন্সে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের অন্তর্গত সকল জেলা, উপজেলা থেকে আগত সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। পারস্পরিক মতবিনিময়, ব্যবসা পরিকল্পনা, বীমা বিপণনের প্রচলিত ভ্রান্তিসমূহ আলোচনা ও উত্তোরণের উপায় পর্যালোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয়সমূহ পর্যালোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব শেষে বিক্রয় ও বিপণন কর্মীদের প্রশিক্ষণ সমাপনী সনদসহ বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। এই লক্ষ্য বাস্তবায়নে আস্থা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে তার সাংগঠনিক উন্নয়নের ধারা কে আরো সুসংগঠিত করার প্রয়াসে নানান উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আজকের এই রিজিওনাল কনফারেন্স উপস্থিত সকলকে নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

“ব্যবসা নয়-সেবা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আস্থা লাইফের সেলস্ ফোর্সগণ আগামীতেও নিজেদের ভূমিকা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনসহ তাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।