বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক: আমির খসরু প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ আলী আহসান রবি | ৩ অক্টোবর ২০২৬ঃ বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতিকে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি। শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ভিত্তিতেই দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ, বাস্তবতা অনুধাবন এবং সঠিক নীতি প্রণয়নের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ইকনথন ২০২৬’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল নিবন্ধন করে বলে অনুষ্ঠানে জানানো হয়। কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিংয়ের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো শিক্ষার্থীদের প্রশংসা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ এবং নীতিগত সমাধান প্রস্তাবের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। তিনি বলেন, জনগণের কাছ থেকে সংগৃহীত করের প্রতিটি টাকা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন—উভয় ক্ষেত্রেই জবাবদিহি ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় নয়; অর্থনীতিকে অনুধাবন করে দেশের মানুষের কল্যাণে তা কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে নীতি প্রণয়ন, গবেষণা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. এম. এ. শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। সমাপনী অনুষ্ঠানে ‘ইকনথন ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: