কসোভোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ বাংলাদেশের প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও তিনি তুলে ধরেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কসোভোর রাষ্ট্রদূত জানান, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে দেশটির কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা কসোভোতে রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা হয়। পাশাপাশি কসোভোর লিগনাইট, তামা ও দস্তাসহ বিভিন্ন খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগ এবং কৃষি ও সেবা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও উঠে আসে। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং চলমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: