এডিবির ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনার বড় অংশ চট্টগ্রামকে ঘিরে

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করতে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে সরকার বড় পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে প্রায় ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামোর আওতায় দেশব্যাপী যে পরিকল্পনা নেয়া হয়েছে, তার সিংহভাগই চট্টগ্রামকে ঘিরে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।’ চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে গতকাল ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়। এ অঞ্চলকে সমগ্র দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’ চট্টগ্রামের উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়ন পরিকল্পনার অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিবির সঙ্গে উন্নয়ন কাঠামো চুক্তির আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। এর সিংহভাগ চট্টগ্রামকে ঘিরে বাস্তবায়ন হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নেও এডিবির অর্থায়ন রয়েছে। মহেশখালীসহ দেশের বিভিন্ন স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব অবকাঠামোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে সরকারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’ অর্থনৈতিক উন্নয়নকে কেবল সরকারের দায়িত্ব হিসেবে না দেখার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সব শ্রেণী ও পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামকে নিরাপদ রাখতে কাজ করা হচ্ছে। ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে।’ চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে সিটি গভর্নমেন্ট পুনর্বহালের দাবিও জানান তিনি। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘ট্রেড ফ্যাসিলিটেশনে সরকারের উদ্যোগ থাকলেও কাস্টমস-সংক্রান্ত নানা জটিলতার মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’ পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং রাত ১০টার পরও বিমানবন্দরের কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তিনি। এছাড়া সরকারের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বাস্তবায়নে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চেম্বার সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী ও সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বক্তব্য রাখেন। এ সময় মেলা কমিটির চেয়ারম্যান এসএম সাইফুল আলম সার্বিক আয়োজন তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ চেম্বারের বর্তমান ও সাবেক পরিচালক, ব্যবসায়ী নেতা, কূটনৈতিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।