প্রগ্রেসিভ লাইফের প্রথম বর্ষ ব্যবসা স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

নুসরাত বিনতে সিনজি, নিজস্ব প্রতিনিধিঃ দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর প্রথম বর্ষের ব্যবসার ওপর নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ১৮ নভেম্বর এ আদেশ দিয়ে কোম্পানিকে তা জানিয়েছে। আইডিআরএ’র পরিচালক (আইন) দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি অবগত করেন।

৫টি শর্তে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার চিঠিতে অন্যতম প্রধান শর্তে আইডিআরএ বলেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের ১১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ২১৪তম জরুরি সভার সিদ্ধান্ত অনুয়ায়ি ১০ কোটি ১৯ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড (বিজিটিবি) নগদায়ন করা হয়েছে এবং তা ব্যাংকে ১২ নভেম্বর জমা করা হয়েছে। রাজধানীর কাকরাইল একটি বেসরকারি ব্যাণিজ্যিক ব্যাংকে জমা আছে। এ অর্থ দাবিকৃত গ্রাহকদের মধ্যে বীমা দাবি হিসেবে বিতরণ করতে হবে।

মেয়াদপূর্তির আগে বন্ড ভাঙিয়ে বড় অঙ্কের আর্থিক লোকসান এড়ানো এবং স্থায়ী সম্পদ বিক্রির মাধ্যমে টেকসই উপায়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে কিছুটা সময় চেয়েছিল বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তবে শর্ত অনুযায়ী, দাবি পরিশোধ তহবিলের সংস্থান পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির নতুন পলিসি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২ নভেম্বর। এ বিষয়ে এক আদেশ জারি করে।

প্রথম বর্ষের ব্যবসা স্থগিতাদেশের পর কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন আইডিআরএকে জানান, পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে ১৮ কোটি ৫০ লাখ টাকার প্রি-ম্যাচিউর বিজিটিবি নগদায়ন করতে গিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার পোর্টফোলিও লোকসানে বিক্রি করায় ৪ কোটি ৬৪ লাখ টাকা- অর্থাৎ সব মিলিয়ে ৬ কোটি ২৭ লাখ টাকার নিট আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোম্পানি।

প্রগ্রেসিভ লাইফ ইনসিরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন প্রতিবেদককে তাদের প্রথম বর্ষ ব্যবসা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।