ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বাড়াতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি আরও জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের অর্থনীতির দক্ষতা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা অনুসরণ করে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের প্রকৃত রপ্তানি আয় এবং কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলেও মত দেন তিনি। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।