প্রগ্রেসিভ লাইফের নতুন পলিসি বিক্রি বন্ধের নির্দেশ আইডিআরএর প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: বকেয়া বীমা দাবি পরিশোধে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন পলিসি বিক্রি করতে পারবে না প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বুধবার (৪ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন পলিসি বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২ নভেম্বর জারি করা আইডিআরএর নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ট্রেজারি বন্ড নগদায়নের মাধ্যমে ১০ কোটি টাকা অথবা স্থায়ী সম্পদ বিক্রি করে প্রাপ্ত ১৫ কোটি টাকা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। নির্ধারিত অর্থ জমা না হওয়া পর্যন্ত নতুন কোনো পলিসি বিক্রি করতে পারবে না কোম্পানিটি। তবে বিদ্যমান পলিসির নবায়ন প্রিমিয়াম সংগ্রহ, গ্রাহকসেবা প্রদান এবং বীমা দাবি পরিশোধের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখতে পারবে প্রতিষ্ঠানটি। আইডিআরএ সূত্রে জানা গেছে, মেয়াদপূর্তির আগে ট্রেজারি বন্ড নগদায়ন ও শেয়ার বিক্রির কারণে ইতোমধ্যে ৬ কোটি ২৭ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রগ্রেসিভ লাইফ। এ ক্ষতি এড়াতে আফতাবনগরে কোম্পানিটির নিজস্ব মালিকানাধীন ৮ দশমিক ৫৪ কাঠা জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, জমি বিক্রি থেকে পাওয়া আনুমানিক ১৫ কোটি টাকা গ্রাহকদের বকেয়া বীমা দাবি পরিশোধে ব্যয় করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে আইডিআরএর কাছে অতিরিক্ত এক মাস সময়ও চেয়েছিল প্রতিষ্ঠানটি। বকেয়া দাবি পরিশোধে অর্থের সংস্থান নিশ্চিত না হওয়ায় নতুন পলিসি বিক্রিতে আইডিআরএর এই নিষেধাজ্ঞা কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: