সিএফও নিয়োগের শর্ত নিয়ে উদ্বেগ, ৩ নভেম্বর বিআইএর জরুরি বৈঠক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোতে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের ক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জারি করা নির্দেশনা বাস্তবায়ন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে খাতসংশ্লিষ্টদের মধ্যে। এ পরিস্থিতিতে নির্দেশনার বিভিন্ন দিক পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আগামী ৩ নভেম্বর বৈঠকে বসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় লাইফ ও নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটির যৌথ উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিআইএর সেক্রেটারি মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় আইডিআরএর সিএফও নিয়োগসংক্রান্ত নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সভায় অন্যান্য বিবিধ বিষয়ও আলোচনার জন্য রাখা হয়েছে। সংশ্লিষ্ট সাব-কমিটির সদস্যদের যথাসময়ে ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এদিকে আইডিআরএর নির্ধারিত যোগ্যতার শর্ত নিয়ে বীমা খাতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, সিএফও নিয়োগে উচ্চতর পেশাগত সনদের বাধ্যবাধকতা সব বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অনেক কর্মকর্তা প্রয়োজনীয় পেশাগত সনদ না থাকায় দায়িত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে নতুন যোগ্যতাসম্পন্ন সিএফও নিয়োগ করতে গিয়ে কোম্পানিগুলোকে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে বিদ্যমান কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং নতুন নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসনিক ও আর্থিক জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বীমা কোম্পানিগুলোকে সিএফও নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময়সীমা সামনে রেখে বিআইএর আসন্ন বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: