বড় উদ্যোগ আইডিআরএ’র: ৫ হাজার ৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি টাকার দাবি পরিশোধ

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধে আবারও বড় উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বীমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর প্রায় ২৩ কোটি টাকা বীমা দাবির অর্থ পরিশোধ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর পলিসিধারীদের মধ্যে এসব অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছে আইডিআরএ।

সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি অর্থ পাবেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা। কোম্পানিটির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর মধ্যে প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করা হবে।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জন পলিসিধারী পাবেন ৪ কোটি ৯৮ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন গ্রাহকের মধ্যে পরিশোধ করা হবে ৫ কোটি টাকা। অন্যদিকে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন পলিসিধারী পাবেন ৫৫ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন পলিসিধারী পাবেন ৫০ লাখ টাকা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। দুই দফার কার্যক্রম মিলিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর প্রায় ৩৭ কোটি ৫৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধের আওতায় এসেছে।

আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বৈধ বীমা দাবি পরিশোধের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অবশিষ্ট দাবিগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

বীমা খাতে দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির এ উদ্যোগকে পলিসিধারীদের আস্থা পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।