বীমা খাতের প্রয়াত কাণ্ডারিদের স্মরণে বিআইএ’র শ্রদ্ধা ও দোয়া মাহফিল: সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী সদস্য ও চেয়ারম্যানদের স্মরণে আবেগঘন আয়োজন

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রয়াত সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যানদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নিজস্ব প্লটে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ।

স্মরণসভায় দেশের বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ বীমা খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি যেসব প্রয়াত ব্যক্তিকে স্মরণ করে এ আয়োজন করা হয়, তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রয়াত বীমা ব্যক্তিত্বদের কর্মময় জীবন ও বীমা খাতে তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, এস এম নুরুজ্জামান, বি এম ইউসুফ আলী, শেখ মোসাদ্দেক কবির, ফাউজিয়া কামরুন তানিয়া, আরিয়ান খান, বেলাল আহমেদ, হোসেন আখতার, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অব.), জসিম উদ্দিন আহমেদ ও মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, দেশের বীমা খাতের বিকাশে যেসব বিশিষ্ট ব্যক্তি জীবনভর কাজ করেছেন, তাদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তারা নিজেদের মেধা, শ্রম, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দেশের বীমা শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের কর্ম ও আদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ প্রয়াত সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বীমা কোম্পানির প্রয়াত চেয়ারম্যানদের পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

তিনি বলেন, বীমা শিল্পের অগ্রযাত্রায় প্রয়াত এসব ব্যক্তিত্বের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বীমা খাতের সবার নৈতিক দায়িত্ব।

স্মরণসভা শেষে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান, পরিচালক, ইমাম ফাউন্ডেশন এবং বিটিভি, আরটিভি ও চ্যানেল আইয়ের উপস্থাপক।

দোয়া মাহফিলে প্রয়াত বীমা ব্যক্তিত্বদের আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য এবং দেশের বীমা খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।