২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার : বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন তিনি।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে। অব্যবহৃত ব্যালট ছিল ছয়টি। বিভিন্ন কারণে চারটি ব্যালট বিধি অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। বৈধ ৩৪৩ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট এবং অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৯৯১ সালের পর এই প্রথম সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার দুপুর ২টার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট দেন সংসদ সদস্যরা। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি।

নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তিনি মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

নির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।