আইডিআরএ প্রশাসনিক সংকট ! কর্তৃপক্ষে ৪ সদস্যের দুটি পদই শূন্য

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চলছে প্রশাসনিক সংকট। কর্তৃপক্ষে চার সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পদ এখনো শূন্য রয়েছে। এ দুটি পদের মধ্যে একটি হচ্ছে সদস্য (আইন) এবং অপরটি হচ্ছে সদস্য নন-লাইফ। এ দুটি পদে সদস্য না থাকায় গুরুত্বপূর্ণ অনেক ফাইল আটকে আছে। গত দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে তিন জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে ইতোমধ্যে একজন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। বাকি দুটি সদস্য পদ এখনো শূন্য রয়েছে। এ দুটি পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে বলে নাম প্রকাশে একটি সূত্রে জানা গেছে। তবে সূত্রটি দাবী করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগির এ দুটি পদে নিয়োগ হবে বলে আশা কর্তৃপক্ষ আশা করছে। এ দুটি পদে নিয়োগ হলে বর্তমান সংকট কেটে যাবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক প্রথমে পদত্যাগ করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁর পদত্যাগ পত্র জমা দেন। সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক ২০২৪ সালের ডিসেম্বরে আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পান। ফজলুল হকের পদত্যাগের ফলে চার সদস্যের বীমা কর্তৃপক্ষে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়। তবে কিছুদিন আগে এ পদে নিযোগ পেলেন সিরাজুল ইসলাম। তার নিয়োগ পাবার পরও আরও দুটি পদ এখনো শূন্য রয়েছে।
মো. ফজলুল হকের পদত্যাগের আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ড. আসলাম আলম পদত্যাগ করেন। সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ হবার আগ পযর্ন্ত ফজলুল হক তার নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
মো. ফজলুল হকের পদত্যাগের কিছুদিন পর আইডিআরএ সদস্য (নন-লাইফ) আবু বকর সিদ্দিক পদত্যাগ করেন। তিনি ২৭ সেপ্টেম্বর অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দেন। তার এই পদে এখনো কেউ নতুন নিয়োগ পাননি। ফলে পদটি এখনো শূন্য রয়েছে।
মোহাম্মদ আবু বকর সিদ্দিক ২০২৪ সালের ৩ ডিসেম্বর আইডিআরএ’র সদস্য (নন-লাইফ) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) মিজ তানজিনা ইসমাইল সর্বশেষ পদত্যাগ করেন। তিনিও তাঁর পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেন। তবে তার পদত্যাগের কোন কারন জানা যায়নি। তানজিনা ইসমাইল সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। তার পদত্যাগের পর সদস্য (আইন) পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নাম প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ২ ডিসেম্বরে তানজিনা ইসমাইলসহ আইডিআরএর চার সদস্যকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী তাদের নিয়োগের মেয়াদ ১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ছিল। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ফজলুল হককে সদস্য (প্রশাসন), তানজিনা ইসমাইলকে সদস্য (আইন), আপেল মাহমুদকে সদস্য (লাইফ) এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে এখন একমাত্র আপেল মাহমুদ সদস্য (লাইফ) বহাল তবিয়তে আছেন। একমাত্র সদস্য (প্রশাসন) পদে সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন।