আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। একই তারিখে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার সময়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সত্য, ন্যায় ও মানবতার বার্তা নিয়ে আসেন। মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া মহানবী (সা.) ছোটবেলা থেকেই সত্যবাদিতা ও আমানতদারির জন্য পরিচিত ছিলেন। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। এরপর ২৩ বছর ধরে ইসলামের বাণী প্রচার করেন। শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষাই নয়, মহানবী (সা.) মানুষের মধ্যে শান্তি, ন্যায়, সহনশীলতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেন। মদিনায় তিনি একটি কল্যাণভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করবেন। এ উপলক্ষে অনেকে নফল নামাজ আদায় ও রোজা রাখবেন। বিভিন্ন মসজিদ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কও কালেমাখচিত পতাকা ও জাতীয় পতাকায় সাজানো হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বাদ আসর বাংলামটরে দলীয় কার্যালয়ে মেহফিলে ইশক রাসুল (সা.) ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি। অন্যান্য বছরের মতো এবারও আশেকানে মাইজভান্ডারি জশনে জুলুসের আয়োজন করেছে। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনও শোভাযাত্রার আয়োজন করেছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: