কথা রাখলেন IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন: বীমা গ্রাহকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদক: বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তাঁর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে অপরিশোধিত বীমা দাবিসমূহ পর্যায়ক্রমে পরিশোধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ আগস্ট) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৩ জন গ্রাহকের দীর্ঘদিনের বকেয়া বীমা দাবির আংশিক নিষ্পত্তি করা হয়েছে। এ পর্যায়ে গ্রাহকদের মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়। গ্রাহকদের অর্থ পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে অর্থের সংস্থান করা হয়েছে। পরবর্তীতে BEFTN পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়। ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ ছাড়াই নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধের অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অবশিষ্ট অপরিশোধিত দাবিসমূহও পর্যায়ক্রমে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। দাবিগুলো পরিশোধের অর্থের সংস্থান করতে কোম্পানির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফলে পর্যায়ক্রমে আরও বিপুলসংখ্যক গ্রাহক তাদের দীর্ঘদিনের প্রাপ্য অর্থ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। IDRA সূত্রে জানা গেছে, শুধু ফারইস্ট ইসলামী লাইফ নয়, দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধে সমস্যায় থাকা অন্যান্য কোম্পানির গ্রাহকদের স্বার্থেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে আরও ৭টি বীমা কোম্পানির দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি একই প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বীমা গ্রাহকদের ন্যায্য দাবি দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরিশোধ নিশ্চিত করার লক্ষ্যে IDRA-এর এই উদ্যোগকে বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দাবি পরিশোধ না পাওয়ায় যেসব গ্রাহকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা, বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনআস্থা পুনরুদ্ধারে IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বীমা খাতের সংকট নিরসনে দাবি পরিশোধের এই ধারাবাহিক উদ্যোগ সফলভাবে এগিয়ে গেলে দীর্ঘদিনের বকেয়া দাবির একটি বড় অংশ নিষ্পত্তির পাশাপাশি বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থাও আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: