ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফখরুল ইসলাম

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। একই সঙ্গে কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. মোকাদ্দেস হোসেন।
শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ৩০৫তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের পুনর্নির্বাচিত করা হয়।

সভায় মো. ফখরুল ইসলামকে চেয়ারম্যান এবং ডা. মোকাদ্দেস হোসেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে তাদের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকল।

এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভায় কোম্পানির সংঘবিধির ৯৬(ক) ধারা অনুযায়ী পরিচালনা পর্ষদের পরিচালকগণের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি উপস্থাপন করা হয়। ওই সভায় কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. ফখরুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে মো. ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানান।

কোম্পানির সংশ্লিষ্টরা আশা করছেন, পরিচালনা পর্ষদের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অগ্রগতি অব্যাহত থাকবে।