গ্রাহকের দাবির চাপে বিপাকে সানফ্লাওয়ার লাইফের মাঠকর্মীরা, আইডিআরএ’র সামনে মানববন্ধন প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬ সংবাদ প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে গ্রাহকদের বকেয়া বীমা দাবি পরিশোধ না হওয়ায় চরম সংকটে পড়েছেন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মাঠপর্যায়ের কর্মীরা। গ্রাহকদের ক্ষোভ ও চাপের মুখে অনেকেই নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তারা। এ পরিস্থিতিতে গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার (১৯ জুলাই) রাজধানীর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া বীমাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে কোম্পানিটি পরিপক্ব (ম্যাচিউরড) পলিসি, মৃত্যু দাবি ও অন্যান্য বীমা দাবির অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকেরা প্রায় প্রতিদিনই মাঠকর্মীদের বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে সন্তানদের স্কুলে যাতায়াতও বিঘ্নিত হচ্ছে এবং পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ, গ্রাহকদের পাওনা অর্থ আদায়ে কোম্পানির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে তারা বিষয়টি সমাধানে আইডিআরএ’র হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে লালমনিরহাট থেকে আসা সানফ্লাওয়ার লাইফের বীমা এজেন্ট আলগাজী রহমান বলেন, ২০২১ সাল থেকে পরিপক্ব হওয়া বীমা দাবির অর্থ পরিশোধ না হওয়ায় মাঠকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি জানান, শুধু লালমনিরহাট অঞ্চলেই প্রায় দুই হাজার গ্রাহকের দুই কোটির বেশি টাকার বীমা দাবি এখনো বকেয়া রয়েছে। তিনি দ্রুত বকেয়া দাবি পরিশোধে আইডিআরএ’র কার্যকর উদ্যোগ কামনা করেন। কুমিল্লার দেবীদ্বার সার্ভিস সেলের অফিস ইনচার্জ আবুল কাশেম মোল্লা বলেন, তার মাধ্যমে করা প্রায় ২৫০টি পলিসির বিপরীতে প্রায় এক কোটি টাকার দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এতে গ্রাহকদের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীরাও চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। রংপুরের তারাগঞ্জ এলাকার মাঠকর্মী সাবিনা ইয়াসমিন বলেন, সাত বছরে তিনি এক হাজারের বেশি গ্রাহককে বীমার আওতায় এনেছেন। এর মধ্যে ২০১৬ সাল থেকে শতাধিক পলিসি পরিপক্ব হলেও গ্রাহকেরা এখনো তাদের দাবি পাননি। কোম্পানির পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি। বগুড়া থেকে আসা আরেক মাঠকর্মী মীম আক্তার জানান, ২০১২ সাল থেকে কোম্পানিতে কাজ করছেন তিনি। তার মাধ্যমে করা প্রায় ২ হাজার ৭০০টি পলিসির বিপরীতে প্রায় সাড়ে তিন কোটি টাকার বীমা দাবি এখনো পরিশোধ হয়নি। মৃত্যু দাবি ও পরিপক্ব পলিসির অর্থ দীর্ঘদিন আটকে থাকায় তিনি ও তার পরিবার চরম মানসিক ও সামাজিক চাপে রয়েছেন বলে দাবি করেন। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে আইডিআরএ তাৎক্ষণিকভাবে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বলে আন্দোলনকারীরা জানান। এ বিষয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বক্তব্য জানতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: